Dighalive.in : পর্যটনে নজির গড়ে দেশের প্রথম সারিতে উঠে এল বাংলা। কেরল, কাশ্মীর, রাজস্থান বা উত্তরপ্রদেশের মতো পর্যটন-নির্ভর রাজ্যগুলিকে টেক্কা দিয়ে বিদেশি পর্যটক টানার নিরিখে দেশের মধ্যে দ্বিতীয় স্থানে এখন পশ্চিমবঙ্গ। আর এই সাফল্…
Dighalive.in : পর্যটনে নজির গড়ে দেশের প্রথম সারিতে উঠে এল বাংলা। কেরল, কাশ্মীর, রাজস্থান বা উত্তরপ্রদেশের মতো পর্যটন-নির্ভর রাজ্যগুলিকে টেক্কা দিয়ে বিদেশি পর্যটক টানার নিরিখে দেশের মধ্যে দ্বিতীয় স্থানে এখন পশ্চিমবঙ্গ। আর এই সাফল্যের সিংহাসনে বসার লড়াইয়ে তুরুপের তাস হয়ে উঠেছে দিঘার নবনির্মিত জগন্নাথ মন্দির। সরকারি পরিসংখ্যান বলছে, আগামী ছয় মাসের মধ্যেই শুধুমাত্র দিঘার জগন্নাথধামে বিদেশি পর্যটকের সংখ্যা এক লক্ষ ছাড়িয়ে যাবে।
গত ডিসেম্বরের শেষেই দিঘার জগন্নাথধামে দর্শনার্থীদের সংখ্যা কোটি ছাড়িয়েছে। শুধুমাত্র ২৭ ডিসেম্বর পর্যন্ত দিঘায় গিয়েছেন ১৫ হাজার বিদেশি পর্যটক। জগন্নাথধামের দায়িত্বে থাকা ইসকন-এর ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস জানিয়েছেন, আগামী ছ’মাসের মধ্যে বিদেশি পর্যটকের এই সংখ্যা লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। বিশেষত, আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত ‘গৌড় পূর্ণিমা’ উপলক্ষে নবদ্বীপ-ধাম পরিক্রমায় অংশ নেবেন প্রায় লক্ষাধিক বিদেশি ভক্ত। তাঁদের একটি বড় অংশই শ্রীক্ষেত্র দিঘায় জগন্নাথ দর্শনে আসবেন বলে নিশ্চিত প্রশাসন।
কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের প্রকাশিত ‘ইন্ডিয়া টুরিজম ডেটা কমপেন্ডিয়াম-২০২৫’ অনুযায়ী:
• বিদেশি পর্যটক: রাজ্যে বিদেশি পর্যটকের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ লক্ষ ২০ হাজার। এই তালিকায় প্রথম স্থানে মহারাষ্ট্র এবং ঠিক তার পরেই দ্বিতীয় স্থানে বাংলা।
• সাফল্যের গ্রাফ: ২০২২ সালে যেখানে রাজ্যে বিদেশি পর্যটক ছিল কেবলমাত্র ১০ লক্ষ, ২০২৫-এর অক্টোবরেই তা বেড়ে দাঁড়িয়েছে ৩১ লক্ষ ২০ হাজারে।
• ডোমেস্টিক টুরিস্ট: রাজ্যে অভ্যন্তরীণ পর্যটকের সংখ্যাও লাফিয়ে বেড়ে হয়েছে ২৩.৯৪ কোটি।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনায় রাজ্যকে পর্যটনে এক নম্বরে নিয়ে যেতে কোমর বেঁধে নেমেছে পর্যটন দপ্তর। রাজ্যের চারশোরও বেশি ধর্মীয় স্থানকে একশোরও বেশি ‘টুরিজম সার্কিট’-এ ভাগ করা হয়েছে। আর এই সার্কিটের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে দিঘার জগন্নাথ মন্দিরকে। পুণ্যার্থীদের জন্য থাকা-খাওয়া এবং নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে আন্তর্জাতিক মানের। রাজ্য বাজেটে এই সার্কিট গড়ার জন্য ইতিমধ্যেই ৫২৫.৯২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে।
রাজ্য পর্যটন দপ্তর সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী :
• হোম স্টে: রাজ্যে বর্তমানে সরকারি স্তরে ৫৪০৯টি হোম স্টে নথিভুক্ত রয়েছে। এছাড়া বন দপ্তর ও আদিবাসী উন্নয়ন বিভাগ আরও প্রায় ২৭০০ হোম স্টে-কে স্বীকৃতি দিয়েছে।
• গাইড নিয়োগ: পর্যটকদের সুবিধার্থে রাজ্যে প্রায় ২৪৫০ জন টুরিস্ট গাইড নিয়োগ করা হয়েছে।
• নতুন প্যাকেজ: পাহাড়, সমুদ্র ও জঙ্গলমহল মিলিয়ে পর্যটন নিগম ২০০-র বেশি টুর প্যাকেজ চালু করেছে। বিষ্ণুপুর ও শান্তিনিকেতনকে ঘিরেও সাজানো হচ্ছে নতুন সারকারী প্যাকেজ।
ইউনেস্কোর হেরিটেজ তকমা পাওয়া দুর্গাপূজা এবং রেড রোডের কার্নিভালের পর এখন দিঘার জগন্নাথ মন্দিরই হয়ে উঠেছে বিদেশি পর্যটকদের প্রধান আকর্ষণ। বিশারদদের মতে, যে গতিতে বাংলা এগোচ্ছে, তাতে খুব শীঘ্রই মহারাষ্ট্রকে টপকে বিদেশি পর্যটক টানার নিরিখে এক নম্বর রাজ্য হবে পশ্চিমবঙ্গ।
No comments