চন্দন বারিক, দিঘাট্রিপ.কম : শনিবার রাতে দিঘা বাইপাসে মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক মোটর বাইক চালকের মৃত্যু হয়েছে। মৃত বাইক চালকের নাম উত্তম দাস (৩৮)। তিনি দিঘা মোহনা কোস্টাল থানার অলংকারপুরের বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এদিন রাত্রি ৯.৩০টা নাগাদ মোটরবাইকে চড়ে দিঘায় ঢুকছিলেন উত্তমবাবু। তিনি যখন দিঘা গেট পেরিয়ে বাইপাস ধরে সামান্য এগিয়েছেন সেই সময় একটি কন্টেনার দিঘা থেকে বেরিয়ে যাচ্ছিল।
এই সময় কন্টেনারটির সঙ্গে মোটর বাইকের মুখোমুখি ধাক্কা লাগে। এরপরেই কন্টেনারটি ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। যদিও ঘটনার খবর পেয়েই রামনগর থানার পুলিশ কন্টেনারটিকে পাকড়াও করেছে। পুলিশ জানিয়েছে, গুরুতর জখম অবস্থায় উত্তমবাবুকে দ্রুত দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তবে সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় বাসিন্দা পিনাকি কর জানিয়েছেন। ট্রাকটি প্রচন্ড গতিতে ছুটে যাচ্ছিল। মোটর বাইকের গতিও অনেকটাই ছিল। দুটি গাড়ি মুখোমুখি ধাক্কা লাগার পরেই ট্রাকটি দ্রুত গতিতে এলাকা ছেড়ে পালিয়ে যায়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
No comments